ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কানে ধরিয়ে উঠবস করানো এবং লাঠি হাতে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর নিজেরাই কানে ধরে উঠবস করছে। এ সময় লাঠি হাতে তাদের চারপাশে পায়চারি করতে দেখা যায় সর্বমিত্র চাকমাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদল নেতা আবিদুর রহমান ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, “ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা প্রক্টরের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে বাচ্চাদের কানে ধরে উঠবস করাচ্ছেন। অপরাধ—বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে এসেছে। অথচ কেউ অন্যায় করলে তার বিচার করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এটাই শিবিরের শাসনব্যবস্থার নমুনা। এইটুক ক্ষমতাকে পুঁজি করেই এই অবস্থা করতেছে।”
তিনি দাবি করেন, ভিডিওটি গত ৬ জানুয়ারির।
একই ভিডিও শেয়ার করে ছাত্রদল নেতা তানভীর বারী হামীম লিখেন, “সর্বমিত্র চাকমা নামক এ আজব প্রাণীটার আগমন ঢাবিতে হলো কিভাবে—আল্লাহই ভালো জানেন। এ প্রাণীটাকে কোনো চিড়িয়াখানায় পাঠানো যায় নাকি মধুপুর সাফারি পার্কে পাঠানো উচিত?”
এদিকে মনোয়ার হোসেন নামের একজন নেটিজেন লিখেছেন, “ঢাকা শহরে ছোট বাচ্চাদের খেলার জায়গাগুলো পদ্ধতিগতভাবে মুছে দেওয়া হয়েছে। কোনো কিশোর যদি নিয়ম না বুঝে কোথাও প্রবেশ করে, তাহলে প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষার্থীদের উচিত সুন্দর ভাষায় বুঝিয়ে বলা। লাঠি হাতে কান ধরিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে শাসন করার এখতিয়ার সর্বমিত্র চাকমাকে কে দিয়েছে? এতে দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সম্মানহানি ছাড়া আর কিছু হচ্ছে না।”
সর্বমিত্র চাকমার এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “যত বড় অপরাধীই হোক না কেন, কাউকে লাঠি হাতে এভাবে শাস্তি দেওয়ার কোনো নৈতিক অধিকার কারও নেই। আপনার দায়িত্ব হলো প্রক্টরিয়াল টিমকে জানানো। শাস্তি দেওয়ার জন্য প্রশাসন আছে। আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি মাত্র। এভাবে আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনার বা আপনাদের নেই।”
এ বিষয়ে মন্তব্য জানার জন্য সর্বমিত্র চাকমার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

