Tuesday, November 10

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থের জন্য নয়; বরং ভাই হত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন মীর স্নিগ্ধ।

পোস্টে তিনি লেখেন, ভাই হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেন, প্রচলিত প্রক্রিয়ায় ন্যায়বিচার পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। সেই উপলব্ধি থেকেই তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন, যাতে বিচার আদায়ের দাবিকে আরও সংগঠিত ও কার্যকরভাবে সামনে আনা যায়।

মীর স্নিগ্ধ জানান, মাত্র ২০ টাকার একটি ফরম পূরণ করেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন—এই বিশ্বাস থেকে যে, রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করেই ন্যায়বিচারের দাবিতে শক্ত অবস্থান নেওয়া সম্ভব।

নিজের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বাইরে পড়াশোনা করে নিশ্চিত ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকলেও তিনি সে পথ বেছে নেননি। বরং ভাই মুগ্ধসহ জুলাইয়ের নিহত ও আহতদের জন্য কাজ করতে বিনা পারিশ্রমিকে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন। সেখানে ছাত্র উপদেষ্টা ও আন্দোলনের আরও পরিচিত মুখদের সঙ্গে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্নিগ্ধ স্মৃতিচারণা করে লেখেন, একসময় পাবলিক বাসে ধাক্কা খেতে খেতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশন দাঁড় করানোর চেষ্টা করেছেন। এ সময় ফ্রিল্যান্সিং থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন, ফলে তার পেশাগত জীবন প্রায় থমকে যায়। তবুও তিনি হাল ছাড়েননি, কারণ তার কাছে ন্যায়বিচারের প্রশ্নটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘ভাই ব্যবসা’ করার অভিযোগ প্রসঙ্গে মীর স্নিগ্ধ বলেন, প্রমাণ ছাড়া কাউকে অসৎ বলা কতটা ন্যায্য—সেটা সমাজের ভেবে দেখা উচিত। তিনি প্রশ্ন তোলেন, দায়িত্ব পালন করলেই কি মানুষ অসৎ হয়ে যায়?

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে যুক্ত হওয়া মানেই ব্যবসা করা—এই ধারণা সম্পূর্ণ ভুল। রাজনীতি কোনো ব্যবসা নয়; বরং যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, তারাই বারবার ক্ষমতায় ফিরে আসে। তিনি স্পষ্ট করেন, ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে ভাবলে হয়তো এই কঠিন পথ তিনি বেছে নিতেন না।

Leave A Reply


Math Captcha
14 − 7 =