জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গত এক বছর তিন মাস ধরে যারা জুলুম-নির্যাতন চালিয়েছে, নির্বাচন সামনে আসতেই তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। তবে মানুষ এই গিরগিটি চরিত্রের লোকদের ভালোভাবেই চিনে রাখবে।
রোববার (২৫ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নির্বাচনে আগে থেকেই নির্ধারিত তথাকথিত হেভিওয়েট নেতার যে ধারণা, তা বাংলাদেশে আর টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের যেসব নেতা নিজেদের অজেয় মনে করেন, এবারের নির্বাচনে তাদের ভূমিধস পতন ঘটবে—ইনশাল্লাহ।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। সারজিস আলম বলেন, ‘আজ সকালেও আমার কাছে অভিযোগ এসেছে—ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’
এ ধরনের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, যারা ভয়ভীতি ও হুমকি দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার পতনের চেয়েও ভয়াবহ হবে। জনগণ এবার হুমকির রাজনীতি নয়, ন্যায়ের পক্ষে রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি।

