Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ডা. তাসনিম জারা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ ইশতেহার প্রকাশ করেন। ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই চিকিৎসক প্রার্থী ইশতেহারে গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান এবং এমপির জবাবদিহিতাকে অগ্রাধিকার দিয়েছেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯ দীর্ঘদিন ধরে অবহেলিত। নিয়মিত কর ও বিল পরিশোধ করলেও এলাকাবাসী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। ভোটের সময় নেতাদের দেখা গেলেও নির্বাচনের পর তাদের আর পাওয়া যায় না। রাষ্ট্র এই এলাকার মানুষকে কেবল রাজস্ব আদায়ের উৎস হিসেবে দেখে বলেও অভিযোগ করেন তিনি। নিজেকে ‘পেশাদার রাজনীতিবিদ নন, এই এলাকার মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ঢাকা-৯-এর অবহেলার দিন শেষ।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত বিল দেওয়ার পরও বাসাবাড়িতে গ্যাস পাওয়া যায় না—চুলা জ্বালালে বাতাস বের হয়। এটিকে তিনি প্রতারণা হিসেবে উল্লেখ করেন। সমাধান হিসেবে সংসদে ‘সেবা না দিলে বিল নয়’ নীতির পক্ষে আইন প্রস্তাব, গ্যাস সরবরাহ ব্যর্থ হলে বিল মওকুফ এবং এলপিজি সিন্ডিকেট ভেঙে ন্যায্য দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বর্ষার আগে খাল-নর্দমা পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু এবং রাস্তা খুঁড়ে কাজ ফেলে রাখার সংস্কৃতি বন্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে ঠিকাদারকে জরিমানার আওতায় আনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য খাতে ডা. তাসনিম জারা বলেন, প্রায় ৭–৮ লাখ মানুষের জন্য ঢাকা-৯ এলাকায় বড় হাসপাতাল মাত্র একটি—মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ৫০০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ সামলানো কঠিন। ডেঙ্গু পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তিনি লোক দেখানো মশক নিধনের সমালোচনা করেন। সমাধান হিসেবে হাসপাতালের জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা, কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘মিনি হাসপাতাল’ হিসেবে গড়ে তোলা এবং সারা বছরব্যাপী ডেঙ্গু টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৯-এর অনেক অলিগলি মাদক সিন্ডিকেটের দখলে চলে গেছে, সন্ধ্যার পর নারীদের চলাচল অনিরাপদ। এ অবস্থার পরিবর্তনে স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকার রাস্তায় সিসিটিভি ও শক্তিশালী ল্যাম্পপোস্ট স্থাপন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

শিক্ষা খাতে স্কুল ভর্তিতে এমপির কোনো সুপারিশ বা কোটা থাকবে না বলে ঘোষণা দেন ডা. তাসনিম জারা। তার বরাদ্দ থেকে স্কুলে আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরি, ভাষা ও কোডিং ক্লাব গড়ে তোলার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান।

কর্মসংস্থানের অংশে তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ তহবিল গঠন, সহজ শর্তে ঋণ, কর্মজীবী মায়েদের জন্য কমিউনিটি ডে-কেয়ার সেন্টার এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।

এমপির জবাবদিহিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, তিনি ‘অতিথি পাখি’ হবেন না। নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় স্থায়ী কার্যালয় চালু, অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ড্যাশবোর্ড এবং কোনো প্রটোকল ছাড়াই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করবেন। ইশতেহারের শেষাংশে তিনি বলেন, এই ঘোষণাপত্র ফাঁকা প্রতিশ্রুতি নয়—এটি ঢাকা-৯-এর মানুষের সঙ্গে তার চুক্তি। গ্যাস-পানি, নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনতে তিনি আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
53 − 52 =