সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় স্থাপিত ৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এসব উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী নীরব বিশ্বাস বলেন,
‘উপহার প্রদানের মাধ্যমে যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, তা আমরা ইতিবাচকভাবেই গ্রহণ করেছি।’
এ সময় জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামছুল আরেফিন বলেন,
‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় সরস্বতী পূজা উপলক্ষে ৪০টি পূজামণ্ডপে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন,
‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে উপহার প্রদান সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং পারস্পরিক সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

