Tuesday, November 10

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পর তিনি দেশেই থাকবেন। তার ভাষায়, “হাসিনার মতো আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে সেফ এক্সিট নিতে হবে। আমি এ দেশেরই সন্তান, আমি এ দেশেই থাকব।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতা করবেন নাকি অন্য কোনো চাকরি করবেন—তা সময়ই ঠিক করবে। “আল্লাহ যেখানে রিজিক রেখেছেন, সেখানেই কাজ করব,” বলেন তিনি।

দেশে সাম্প্রতিক সময়ে মাজারে হামলার প্রসঙ্গ তুলে ধরে প্রেসসচিব জানান, এখন পর্যন্ত ৬০টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় মামলা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি জানান।

বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবাইকে এই ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান তিনি। মতবিরোধ থাকলেও পারস্পরিক সম্পর্ক অটুট রাখলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাউল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। “পীরভক্ত ও অপীরভক্ত, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—এমনকি যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, সবাই মিলেই ভোট দেবেন,” বলেন তিনি।

গণমাধ্যম সংস্কার বিষয়ে তিনি জানান, তথ্য অধিকার আইন (আরটিআই) আরও সহজ করা হয়েছে। তথ্য প্রাপ্তির পদ্ধতি, সূচিপত্র ও রিপোর্টিং প্রক্রিয়া সহজ করতে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। তবে সরকারের দায়িত্বকাল সীমিত হওয়ায় সব সংস্কার একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে প্রেসসচিব বলেন, নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের আলোচনার পরই এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলোচনার ফল হিসেবেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, “দেশে যেন আর কোনো স্বৈরাচার বা অপশাসন ফিরে না আসে, ব্যাংকের টাকা যেন কেউ লুটপাট করতে না পারে—এই লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।”

এ সময় গড়পাড়া ইমামবাড়ির খাদেম, ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবুসহ ইমামবাড়ির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
− 6 = 3