Tuesday, November 10

‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানের পুনরাবৃত্তি করে সিলেট থেকে দলের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি বলেন, গত ১৫–১৬ বছর ধরে বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। একটি রাজনৈতিক দল নিজেরাই স্বীকার করেছে যে, তাদের ক্ষমতায় বসিয়েছে অন্য একটি দেশ। তাই বিএনপির অবস্থান স্পষ্ট—সবার আগে বাংলাদেশ।

তারেক রহমান বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। বিএনপি দেশের মানুষের ভাগ্যোন্নয়নেই বিশ্বাস করে। তিনি বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস নতুন করে দেখার কিছু নেই।

প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে বুধবার রাতে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে যান। পথে পথে বিপুলসংখ্যক মানুষ তাকে শুভেচ্ছা জানান। সিলেটবাসীর কাছে তিনি ‘দামান’ ও ‘দুলাভাই’ নামেই পরিচিত।

জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করতে চায়। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের মিথ্যাচার ও হঠকারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শুধু ভোটাধিকার নয়, মানুষের অর্থনৈতিক মুক্তিও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ১৫–১৬ বছর ধরে একের পর এক ‘ডামি’ ও ‘নিশিরাতের’ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি এই পরিস্থিতির পরিবর্তন চায়।

বক্তব্যের একপর্যায়ে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেটার মালিক একমাত্র আল্লাহ, সেটার প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। যারা তা করছে, তারা মানুষকে প্রতারণা করছে।

সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত নির্বাচনী সভায় বক্তব্য দেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
+ 19 = 25