ঢাকা:
ভোটের দিন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় সংকট—আস্থার প্রশ্ন—তত স্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেন, কাগজে-কলমে নতুন উদ্যোগ, প্রযুক্তির সংযুক্তি কিংবা প্রবাসীদের দীর্ঘদিনের ভোটাধিকার বাস্তবায়নের চেষ্টা প্রশংসনীয় হতে পারত। কিন্তু বাস্তবে পোস্টাল ব্যালট ঘিরে শুরুতেই যে বিতর্ক তৈরি হয়েছে, তা আবারও দেখিয়ে দিয়েছে—সমস্যা কেবল প্রক্রিয়ায় নয়, বরং সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ও নিরপেক্ষতা নিয়েই গভীর সন্দেহ রয়েছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, নির্বাচন হলো রাষ্ট্রের সবচেয়ে বড় দৃশ্যমান বৈধতা। আপনি যদি এমনভাবে প্রক্রিয়া ডিজাইন করেন, যাতে একটি ভিডিওই পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে, তাহলে আপনি নিজেই নিজের অর্জন ভেঙে ফেলার ঝুঁকি নেন।
জিল্লুর রহমান বলেন, এবারের নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি, যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। সরকারি তথ্য অনুযায়ী, ৫ জানুয়ারি নিবন্ধন শেষ হওয়ার পর মোট নিবন্ধন সংখ্যা ১৫ দশমিক ৩৩ মিলিয়নে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রবাসী নিবন্ধনের সংখ্যা প্রায় সাড়ে সাত লক্ষ বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো প্রবাসীরা বাস্তব অর্থে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হলো।
তিনি বলেন, মোট ভোটারের তুলনায় এই সংখ্যা প্রায় এক শতাংশের কাছাকাছি হলেও বাস্তবতা হলো—কিছু আসনে মাত্র ১০ থেকে ১৫ হাজার পোস্টাল ভোটই ফলাফলের ব্যবধান পাল্টে দিতে পারে, বিশেষ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ। ফলে পোস্টাল ব্যালট এখন আর কেবল প্রশাসনিক বা প্রযুক্তিগত বিষয় নয়; এটি সরাসরি ফল নির্ধারণের সম্ভাব্য হাতলে পরিণত হয়েছে।
এই প্রেক্ষাপটে বাহরাইনের একটি বাসায় একসঙ্গে বহু পোস্টাল ব্যালট গণনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকার তদন্তের আশ্বাস দিয়েছে এবং বাহরাইনের কর্তৃপক্ষের রিপোর্টেও ঘটনাটি নিশ্চিত হওয়ার কথা বলা হয়েছে। তবে জিল্লুর রহমান বলেন, সমস্যাটি শুধু ওই ভিডিও নয়; বিএনপির আপত্তি মূলত পুরো ব্যবস্থার নকশা নিয়েই।
তার ভাষায়, বিএনপির অভিযোগ—বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে প্রতীক ও নাম এমনভাবে বিন্যাস করা হয়েছে, যাতে বিএনপির প্রতীক মাঝামাঝি অবস্থানে পড়ে এবং ভাঁজ হলে তা স্পষ্ট নাও হতে পারে। নির্বাচন কমিশন বলছে, প্রতীকগুলো বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হয়েছে। তবে জিল্লুর রহমান বলেন, নির্বাচনের মানদণ্ড শুধু ‘রুল ফলো’ করা নয়; মানদণ্ড হলো—রুলটি ন্যায্য কি না এবং ন্যায্য বলে মনে হয় কি না।
তিনি বলেন, ব্যালট পেপারের ডিজাইন এমন একটি জায়গা, যেখানে এর গুরুত্ব অনেক সময় ফলাফলের সমান হয়ে ওঠে। কারণ ভোটার, রাজনৈতিক দল ও পর্যবেক্ষকদের বিশ্বাসের শুরুটা চোখে দেখা থেকেই। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—একটি হলো কাস্টডির প্রশ্ন: ব্যালট কার হাতে গেল, কীভাবে গেল, কীভাবে ফিরল—এই পুরো চেইন কতটা যাচাইযোগ্য ও স্বচ্ছ। আরেকটি হলো ন্যায্যতার প্রশ্ন: একই নিয়মে ছাপা হলেও সেটি কি সবার জন্য সমানভাবে সুবিধাজনক?
তিনি আরও বলেন, প্রবাসী ভোটে পোস্ট অফিস, দূতাবাস ও স্থানীয় ডেলিভারি ব্যবস্থাসহ বহু স্তরে ঝুঁকি রয়েছে। তাই দোষ কার—এই প্রশ্নে যাওয়ার আগে কমিশনের দায়িত্ব হওয়া উচিত ঝুঁকিগুলো প্রকাশ্যে, পরিমাপযোগ্যভাবে তুলে ধরা, যাতে কল্পনার জায়গা না থাকে।
পোস্টাল ব্যালট বিতর্কের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সক্রিয় প্রচারণাও নির্বাচনী পরিবেশকে জটিল করে তুলছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি ফটোকার্ড প্রকাশ, প্রচারণার ভাষা, এমনকি ব্যাংকগুলোকে শাখা পর্যায়ে নির্দিষ্ট অবস্থানের পক্ষে ব্যানার টানানোর নির্দেশ—এসব বিষয় প্রকাশ্যে এসেছে।
তার মতে, একদিকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে প্রশাসনিক কাঠামোর ভেতরের প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে দৃশ্যমান হতে বলা হচ্ছে। এটি রাজনৈতিকভাবে ভয়াবহ বার্তা দেয়। কারণ মাঠের বাস্তবতায় ডিসি, ইউএনও, রিটার্নিং অফিসার, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা—সবাই কোনো না কোনোভাবে নির্বাচনী ব্যবস্থার অংশ। এই অংশ যদি প্রকাশ্যে এক পক্ষে কথা বলে, তাহলে ভোটারের মনে প্রশ্ন জাগে—নিরপেক্ষ থাকবে কে?
তিনি আরও বলেন, একই সময়ে সুশাসন ও সংস্কার ইস্যুতে টিআইবির মতো সংস্থার উদ্বেগ আস্থা সংকটকে আরও গভীর করছে। ভোটার এসব বিষয় আলাদা করে দেখে না; তারা দেখে রাষ্ট্রের সামগ্রিক আচরণ। রাষ্ট্র কি সত্যিই নিরপেক্ষতার দিকে যাচ্ছে, নাকি নতুন ব্যানার লাগিয়ে পুরোনো অভ্যাসই চালু রাখা হচ্ছে—এই প্রশ্নই মুখ্য হয়ে ওঠে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটও নির্বাচনী চাপ বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে ভারতের বক্তব্যসহ আন্তর্জাতিক মনোযোগ কেবল ইমেজের বিষয় নয়; এটি নির্বাচন-পরবর্তী স্বীকৃতি, কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক বার্তার সঙ্গেও জড়িত।
সমাধান প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, প্রথমত, পোস্টাল ব্যালটকে কোনো পক্ষের সন্দেহের উৎস বানানো যাবে না। নির্বাচন কমিশনকে অবিলম্বে পোস্টাল ভোটের জন্য একটি পূর্ণাঙ্গ ও জনসমক্ষে ব্যাখ্যাযোগ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, ব্যালট ডিজাইন নিয়ে ওঠা অভিযোগ ‘আইন মেনেই করা হয়েছে’ বলে এড়িয়ে যাওয়া যাবে না; ডিজাইন ফেয়ারনেসের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ জরুরি। তৃতীয়ত, সরকার যদি সত্যিই নির্বাচনকে নিরপেক্ষ রাখতে চায়, তাহলে গণভোটের প্রচারণায় রাষ্ট্রযন্ত্র যুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে জিতবে বা হারবে শুধু দল নয়—জিতবে বা হারবে বিশ্বাস। বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডি হলো, আমরা প্রায়ই ফলাফল নিয়ে তর্ক করি, কিন্তু প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করার শর্তগুলো নিয়ে একমত হতে পারি না।
তার মতে, পোস্টাল ব্যালট বিতর্ক নির্বাচন শুরুর আগেই দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে মেরামতের একটি নির্মম সুযোগ এনে দিয়েছে। নইলে ১২ ফেব্রুয়ারির ভোটের রাতে দেশের সবচেয়ে বড় প্রশ্ন আবারও একই থাকবে—ভোটের ছবি দেখা গেল, কিন্তু ভোটটা কি সত্যিই হলো?

