Tuesday, November 10

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনস্থ এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছায়া সংসদের আদলে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ এবং এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

গণতন্ত্র সুরক্ষায় আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. রওনক জাহান।

সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বিভিন্ন সেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম. এ. মতিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজসহ বিশিষ্টজনেরা। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজচিন্তক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং তেজগাঁও কলেজের বিতার্কিকরা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানারআপ দল পাবে দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ লাখ টাকা, সঙ্গে থাকবে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে নগদ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হবে।

Leave A Reply


Math Captcha
68 + = 77