Tuesday, November 10

মানিকগঞ্জ/ঢাকা:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মানিকগঞ্জের দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃতরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা এবং মানিকগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা।

গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত এই দুই নেতা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তারা বিভিন্ন সময়ে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

বহিষ্কার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা বলেন, “আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিয়েছে, সেটি মেনে নিতে পারিনি। দলের কাজ দল করেছে, আমার কাজ আমাকে করতে হবে।” তিনি আরও বলেন, “এই বহিষ্কার শেষ কথা নয়। অনেকেই বহিষ্কার হয়েও পরে প্রমোশন পেয়েছেন। আল্লাহ যা করেন, ভালোই করেন।”

অন্যদিকে জেলা কৃষক দলের সাবেক সভাপতি তোজাম্মেল হক তোজা বলেন, “দল যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে— এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।” তবে তিনি দাবি করেন, দলীয় মনোনীত প্রার্থী ভোটারদের কাছে জনপ্রিয় নন। নেতাকর্মী ও ভোটারদের প্রত্যাশা পূরণে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনে জয়ী হয়ে আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খানম রিতা। অপরদিকে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

বিদ্রোহী প্রার্থীদের ঘিরে এই দুই আসনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
93 − = 88