আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপি সূত্র জানায়, গতকাল সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে। এসব পরোয়ানার বিষয় যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের সেপ্টেম্বরে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা জামিনে মুক্তি পান। দীর্ঘ বিরতির পর আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন ইভ্যালির এই শীর্ষ দুই কর্মকর্তা।
ডিবি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।

