Tuesday, November 10

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে তাঁর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সোমবার (দুপুরে) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। এতে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান (সোহাগ), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মিঠু) এবং রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন।

বক্তব্যে শাকিলুর রহমান বলেন, একজন শিক্ষার্থীর আচরণ নিয়ে ক্যাম্পাসজুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে। তিনি বলেন, “তারুণ্যের উন্মাদনা আর মানসিক সমস্যাকে এক করে দেখা যায় না।”

সংগঠনের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষার জন্য তারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধারণ করে আসছেন। তিনি দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মানসিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করলে তারা বিষয়টিকে প্রশাসনের উদাসীনতা হিসেবে বিবেচনা করবেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, একটি রাজনৈতিক ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে তারা গভীরভাবে মর্মাহত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উপাচার্যের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র ও মনোবিদ থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে নিয়মিত মানসিক সহায়তা ও পরিচর্যার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার একজন মেধাবী শিক্ষার্থী হলেও দীর্ঘদিন ধরে তাঁর আচরণে মানসিক ও আচরণগত জটিলতার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর সুচিকিৎসা ও প্রয়োজনীয় মানসিক সহায়তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Leave A Reply


Math Captcha
− 2 = 1