Tuesday, November 10

ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জনসংযোগ কার্যক্রম চালানোর সময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ করেছেন দায়িত্বপালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনাকে কেন্দ্র করে প্রার্থীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাগ্‌বিতণ্ডা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আলোচনা করতে চাইলে রুমিন ফারহানা ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন,
‘আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি। আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রভাবে কথা বলছি, পরবর্তীতে তা করব না।’

এ সময় তিনি আরও বলেন,
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না, স্যার—মাথায় রাখবেন। যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।’

ভিডিওতে প্রার্থীর এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য

ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান,
‘নির্বাচনি আচরণবিধিমালা-১৮ লঙ্ঘন করে সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিষয়টি নিয়মবিরুদ্ধ হওয়ায় আমরা গিয়ে সমাবেশ না করার জন্য অনুরোধ করি।’

তিনি আরও জানান, সমাবেশ করতে না পেরে ফিরে যাওয়ার সময় আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘এরপর প্রার্থী রুমিন ফারহানা আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছি,’ বলেন তিনি।

এ ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave A Reply


Math Captcha
+ 59 = 64