Tuesday, November 10

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের দিকে সারগোধা জেলার খুশাব এলাকার দরবার পাঞ্জপির মানাওয়ান অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে সাতজন যাত্রী ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা প্রায় সবাই একই পরিবারের সদস্য। তারা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

Leave A Reply


Math Captcha
12 + = 18