Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট–২)-এ আপিল শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আজকের শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল ১৮ জানুয়ারি আপিল শুনানির শেষ দিন।

এর আগে গতকাল শুক্রবার আপিল শুনানির সপ্তম দিনে কমিশনে শুনানি হওয়া ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। অপরদিকে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =