Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

ওসমান বিন হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসার পর সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এদিকে ওমর বিন হাদির বরাতে বিভিন্ন সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’ জানিয়েছে, তাদের সঙ্গে ওমর হাদির কথা হয়েছে। তিনি নাকি যুক্তরাজ্যের হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ চাননি। সরকারের কাছে তিনি কেবল নিরাপত্তা চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার তাকে গানম্যান ও গাড়ির ব্যবস্থা করে দেয়। তবে এ ধরনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন জারি করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানিয়েছেন।

Leave A Reply


Math Captcha
56 − 48 =