নিজস্ব প্রতিবেদক
পরবর্তী সরকারকে জুলাই সনদ লঙ্ঘনের পথ অন্তর্বর্তী সরকার দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা করেছে, তার প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বরং সংস্কার প্রতিরোধক অপশক্তির কাছে এই সরকার আত্মসমর্পণ করেছে এবং যুক্তিহীনভাবে জুলাই সনদ লঙ্ঘনের মাধ্যমে একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডির মাইডাস ভবনে ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্রের একটি অংশ অনেক বেশি প্রভাবশালী। উপদেষ্টা পরিষদ কোন কাগজে স্বাক্ষর করবে বা কোন সিদ্ধান্ত নেবে, তা বাস্তবে উপদেষ্টারা নির্ধারণ করতে পারেন না। এসব সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান একটি গোষ্ঠী।
সরকারের নতিস্বীকারের কারণ জানতে চাইলে তিনি বলেন, এর সুনির্দিষ্ট উত্তর তার কাছে নেই। তবে সরকারকে দীর্ঘ সময় কাছ থেকে পর্যবেক্ষণ করে তিনি বুঝেছেন, কোন সিদ্ধান্তে কী থাকবে বা থাকবে না—তা নির্ধারণ করে দেয় আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ। এতে শুধু গোষ্ঠীস্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থের প্রতিফলনও ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশের ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সরকার অংশীজনদের সম্পৃক্ত না করেই একতরফাভাবে অধ্যাদেশ প্রণয়ন করেছে। কোনো কোনো ক্ষেত্রে লোক দেখানোভাবে অল্প সময়ের জন্য খসড়া অধ্যাদেশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে অংশীজনদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং কোনো কোনো অংশীজনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে অপপ্রচারও চালানো হয়েছে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশগুলোর প্রতিটিতেই জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র ও ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্ব বজায় রাখার সুযোগ রাখা হয়েছে। আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে সরকার প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের উদাহরণ সৃষ্টি করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ কমিশন অধ্যাদেশ সম্পর্কে ড. ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশের মাধ্যমে অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও পুলিশ আমলাদের ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের প্রক্রিয়াও পুরোপুরি আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে থাকায় ক্ষমতাসীন সরকারের কর্তৃত্ব ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে।
দুদক অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সরকার গুরুত্ব দেয়নি। বরং অংশীজনদের সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখা হয়েছে, যা দুদকের স্বাধীনতা ও জবাবদিহি দুর্বল করবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ধর্মীয় বা জাতিগত বিষয়ে সাইবার স্পেসে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে শাস্তির বিধান অপব্যবহারের ঝুঁকি রয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে থাকায় কনটেন্ট ব্লকিংসহ সংবেদনশীল বিষয়ে স্বার্থের দ্বন্দ্ব আরও প্রকট হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

