Tuesday, November 10

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা এবং নির্বাচন-পূর্ব অনিয়ম রোধের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল কর্তৃক গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (গতকাল) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন এবং নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ইসির পরিপত্র-৯ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উল্লিখিত সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের নির্দেশও দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সেলের সদস্যদের তালিকা (মোবাইল নম্বরসহ) জরুরিভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে সকল রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়েছে।

ইসির পরিপত্র-৯ অনুযায়ী, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হবে। এ সেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোনীত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।

এই সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ চলমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে।

এছাড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার এবং চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে চাঁদাবাজ, মাস্তান ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
30 − = 28