Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্র ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় স্বাক্ষর, তারিখ ও ছবি না থাকা, একাধিক গুরুত্বপূর্ণ কলাম ফাঁকা রাখা এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো—সে প্রশ্ন তুলেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল।

এ বিষয়ে গত বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আপিল করা হয়েছে।

ওয়েবসাইটে হলফনামা বদলের অভিযোগ

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রথমে আপলোড করা সৈয়দ এহসানুল হুদার হলফনামায় নানা অনিয়ম ও তথ্য গোপনের বিষয় সামনে আসে। এ নিয়ে জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাতারাতি আগের হলফনামা সরিয়ে নতুন হলফনামা আপলোড করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের দাবি, যে হলফনামার গুরুতর ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা ছিল, সেটিতেই পরে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের এ ধরনের ভূমিকা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

নথিপত্রে চাঞ্চল্যকর তথ্য

আপিল সূত্র এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, সৈয়দ এহসানুল হুদা মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় একাধিক মৌলিক বিধি লঙ্ঘন করেছেন।

নির্বাচন কমিশনের প্রার্থী নির্দেশিকা অনুযায়ী, মনোনয়ন ফরমে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না এবং হলফনামা অবশ্যই যথাযথভাবে পূরণ ও সত্যায়িত হতে হবে। তবে অভিযোগ অনুযায়ী, এসব শর্তের কোনোটিই যথাযথভাবে মানা হয়নি।

হলফনামায় যা যা অনুপস্থিত

আপিলে উল্লেখ করা হয়, দাখিল করা হলফনামায়—

  • প্রার্থীর কোনো স্বাক্ষর নেই
  • তারিখ উল্লেখ করা হয়নি
  • কোনো ছবি সংযুক্ত নেই
  • প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা যথাযথ সত্যায়ন হয়নি

এমন একটি হলফনামা নির্বাচন আইনে আদৌ গ্রহণযোগ্য কি না—তা নিয়েই বড় প্রশ্ন উঠেছে।

ভুল ও গোপন তথ্যের তালিকা

অভিযোগ অনুযায়ী, হলফনামার একাধিক গুরুত্বপূর্ণ কলামে ভুল ও অসম্পূর্ণ তথ্য রয়েছে। এর মধ্যে—

  • ৩ নম্বর কলামের ‘খ’ অনুচ্ছেদে ভুল তথ্য
  • ৩ নম্বর কলামের ‘গ’ অনুচ্ছেদে অসম্পূর্ণ তথ্য
  • ৭ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদে ভুল তথ্য
  • ৭ নম্বর কলামের ‘খ’ অনুচ্ছেদে অসম্পূর্ণ তথ্য
  • ৭ নম্বর কলামের ‘গ’ অনুচ্ছেদ একেবারেই পূরণ করা হয়নি
  • ৮ নম্বর কলাম সম্পূর্ণ ফাঁকা
  • ১০ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদে ভুল তথ্য প্রদান

আপিলকারীর মতে, এগুলো কোনো সাধারণ বা অনিচ্ছাকৃত ত্রুটি নয়; বরং নির্বাচন আইন ও আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জেলা রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে। অভিযোগে বলা হয়েছে, ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন এসব স্পষ্ট ত্রুটি থাকা সত্ত্বেও কোনো আপত্তি না তুলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আপিলকারীর ভাষায়,
‘হলফনামা যদি আইন অনুযায়ী সঠিকভাবে যাচাই-বাছাই করা হতো, তাহলে এই মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগই ছিল না।’

রাজনৈতিক অঙ্গনে আলোচনা

স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে—স্বাক্ষর, ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই যদি কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ হয়, তাহলে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায়?

বিশ্লেষকদের মতে, হলফনামা শুধু একটি কাগজ নয়; এটি ভোটারদের সামনে প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও ব্যক্তিগত তথ্য প্রকাশের একটি সাংবিধানিক দলিল। সেখানে তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়া হলে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণ মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।

ইসির সিদ্ধান্তের অপেক্ষা

সব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে সৈয়দ এহসানুল হুদার মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণার দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এসব অভিযোগ কীভাবে মূল্যায়ন করে এবং বিতর্কিত এই মনোনয়নপত্র নিয়ে কী সিদ্ধান্ত নেয়।

কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে কিশোরগঞ্জ-৫ আসনের ভোটার ও রাজনৈতিক অঙ্গন।

Leave A Reply


Math Captcha
+ 33 = 39