Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নির্বাচন উপলক্ষে রংপুর রেঞ্জ ও রংপুর মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান,
“আমরা মোট ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়েছি। গতকাল পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করছি, আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন করা যাবে।”

গত ১৫ বছর নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের আস্থার ঘাটতির কথা স্বীকার করে বাহারুল আলম বলেন,
“নির্বাচনে কীভাবে পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে অনেকের স্পষ্ট ধারণা ছিল না। প্রশিক্ষণের মাধ্যমে সেই জায়গাগুলো শক্ত করার চেষ্টা করা হয়েছে।”

তিনি বলেন, পুলিশের মূল উদ্দেশ্য হলো নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সক্ষমতা যাচাই করা এবং তাঁরা কতটা দৃঢ়তা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিশ্চিত করা।
“রংপুর বিভাগের সব পুলিশ কর্মকর্তা অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ,” যোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ছয় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন উল্লেখ করে আইজিপি বলেন,
“নির্বাচনের আগে থেকেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডসহ সব বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।”

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,
“ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ১৬ হাজার কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে এসব সরঞ্জাম কেনা হচ্ছে এবং প্রশিক্ষণ চলছে।”

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন,
“১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ২৫১টি দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাপক অভিযান হলেও এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।”

বিগত ১৫ বছরের ‘দলীয় পুলিশ’ ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বাহারুল আলম বলেন,
“পুলিশকে স্বমহিমায় দাঁড় করাতে ও সদস্যদের মনোবল ফিরিয়ে আনতে গত এক বছর ধরে আমরা কাজ করছি। শতভাগ সফল না হলেও আমাদের আন্তরিক প্রচেষ্টার ঘাটতি নেই।”

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, উপপুলিশ কমিশনার তোফায়েল আহমদ, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave A Reply


Math Captcha
25 + = 34