Tuesday, November 10

হাইকোর্ট চত্বরে অবস্থিত প্রখ্যাত সুফি সাধক খাজা শরফুদ্দিন চিশতী (রহ.)–এর ঐতিহ্যবাহী ওরশ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সম্প্রীতি যাত্রা নামের একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কবি, সাংবাদিক, চলচ্চিত্রকার ও রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মী বাকী বিল্লাহ ও কৌশিক আহমেদ, কবি রহমান মুফিজ ও হাসনাত শোয়েব, সাংবাদিক মাহাথির মোহাম্মদ এবং চলচ্চিত্রকার রাফসান আহমেদসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, খাজা শরফুদ্দিন চিশতী (রহ.)–এর মাজার শুধু একটি ধর্মীয় নিদর্শন নয়; এটি বাংলার সুফি সংস্কৃতি, সম্প্রীতি ও মানবিক চেতনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে পালিত এই মাজারের ওরশ বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

বক্তারা ওরশ বন্ধের সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে ঐতিহ্যবাহী ওরশ পুনরায় আয়োজনের দাবি জানান।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক সমাজ গঠনে সুফি ঐতিহ্য সংরক্ষণ অপরিহার্য। এ ধরনের মানববন্ধনের মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে থাকবে।

Leave A Reply


Math Captcha
90 − = 87