Tuesday, November 10

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে শীতাতপনিয়ন্ত্রিত দ্বিতল যাত্রীবাহী বাস (স্লিপার কোচ)। এতে তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে ধুমঘাট সেতু এলাকায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে।

নিহতরা হলেন—

  • নাফিস আহমেদ (১৬), মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমের ছেলে
  • ছাবিতুন নাহার (২৫), চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার মো. হেলাল উদ্দিনের মেয়ে
  • মিন্টু মিয়া, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারি এলাকার মৃত নয়া ব্যাপারীর ছেলে

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধুমঘাট সেতু এলাকায় বন বিভাগের একটি তল্লাশিচৌকি রয়েছে। সেখানে সড়কের ওপর কাঠবোঝাই ট্রাকটি থামিয়ে রাখা হয়েছিল। দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকামুখী স্লিপার কোচটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এর মধ্যে নাফিস আহমেদের মরদেহ তাঁর পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় নাফিসের ভগ্নিপতি মোবারক হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, বন বিভাগের তল্লাশিচৌকির সামনে সড়কে গাড়ি রেখে কাগজপত্র যাচাইয়ের কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস দুটিই থানার হেফাজতে রয়েছে। তবে দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন।

Leave A Reply


Math Captcha
67 − 58 =