নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করা যাবে।
ইসি সূত্র জানায়, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ চালু করা হয়েছে।
আপিল বুথভিত্তিক অঞ্চলসমূহ
১নং বুথ (খুলনা অঞ্চল):
মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২নং বুথ (রাজশাহী অঞ্চল):
জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩নং বুথ (রংপুর অঞ্চল):
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল):
চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
৫নং বুথ (কুমিল্লা অঞ্চল):
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
৬নং বুথ (সিলেট অঞ্চল):
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
৭নং বুথ (ঢাকা অঞ্চল):
টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল):
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
৯নং বুথ (বরিশাল অঞ্চল):
বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০নং বুথ (ফরিদপুর অঞ্চল):
রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
আপিল দাখিলের নিয়ম
ইসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে। আপিলের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এক কপি মূলসহ মোট সাত কপি জমা দিতে হবে।
আপিলের রায়ের কপি সংগ্রহের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা আপিল গ্রহণ কেন্দ্রের বুথ থেকে পাওয়া যাবে।
আপিল নিষ্পত্তি
নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আপিলসমূহ নিষ্পত্তি করবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রোববার বিকেল ৫টায় শেষ হয়েছে। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ ও কতগুলো বাতিল হয়েছে—সে তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কমিশন।

