Tuesday, November 10

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। এই সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সমবেদনা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এই তিন দিনে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেক ক্ষেত্রে সেই তাৎপর্য এতটাই গভীর ও অর্থবহ ছিল, যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি।’

তিনি বলেন, ‘অনেকের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক—নিজ বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকার এক অটল প্রেরণা। এই প্রেরণা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে।’

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশীদারদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সহমর্মিতা ও সংহতি জিয়া পরিবারকে গভীরভাবে আলোড়িত করেছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, ‘জানাজায় বিভিন্ন দেশের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতি, সমবেদনার চিঠি ও বার্তা, শোক বইয়ে লেখা অনুভূতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত মানুষের আবেগী প্রকাশ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মিশন ও প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতি—প্রতিটি সম্মাননাই ছিল অভূতপূর্ব।’

সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মায়ের শেষ বিদায়ে আপনাদের দায়িত্ববোধ ও শ্রদ্ধাঞ্জলি জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।’

বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘তাদের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালাম আমার মায়ের জীবন ও অবদানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছে। সমাধিতে পৌঁছে দিয়ে তারা জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছেন এবং তাঁর অন্তিম যাত্রাকে প্রাপ্য সম্মানে আলোকিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ আছেন, যাদের নাম আলাদাভাবে উল্লেখ করা সম্ভব হয়নি, কিন্তু তারা নীরবে ও নিষ্ঠার সঙ্গে এই পুরো প্রক্রিয়াকে সুচারুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন। পর্দার আড়ালে কিংবা জনসম্মুখের বাইরে থেকে দায়িত্ব পালনকারী সবার প্রতিই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’

বাংলাদেশের জনগণের প্রতি গভীর অভিবাদন জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশের প্রতিটি প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না। এই ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগেরই প্রতিফলন।’

সবশেষে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে পাশে থাকা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে। ইনশাআল্লাহ, এই শক্তি আমরা কৃতজ্ঞতার সঙ্গে আগামীর বাংলাদেশে বয়ে নিয়ে চলব।’

Leave A Reply


Math Captcha
− 3 = 5