Tuesday, November 10

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির আওতায় হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন নেতারা। এছাড়া ২২ কর্মদিবসের মধ্যে বিচার কার্যক্রম দৃশ্যমান না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।

এসময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন,
‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, অবশ্যই বৈঠক করবেন। তবে সেই বৈঠক হতে হবে উন্মুক্ত। কোনো গোপন বৈঠক চলবে না। দিল্লির সঙ্গে আমাদের কোনো সিক্রেট বৈঠক হবে না।’

তিনি আরও বলেন,
‘বাংলাদেশ তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদের চাপে রয়েছে। তাই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি। ভবিষ্যতে যদি আমেরিকাও বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায়, তার বিরুদ্ধেও আমরা কথা বলব। আমরা কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।’

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন,
‘ওসমান হাদি আমাদের এই সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে।’

Leave A Reply


Math Captcha
33 − = 32