ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা এই প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তাসনিম জারা জনসাধারণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। ওই অর্থ তিনি ফেরত না দিয়ে নির্বাচনী খরচে ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।
এনসিপিতে থাকাকালে গত ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহের আহ্বান জানান তাসনিম জারা। ঘোষণার মাত্র ২৯ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে এই অর্থ তার অ্যাকাউন্টে জমা হয়।
হলফনামায় আরও বলা হয়, নির্বাচনী ব্যয়ের জন্য তিনি নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকা এবং তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের কথাও উল্লেখ করেছেন।
আয়ের বিবরণীতে দেখা যায়, চিকিৎসক হিসেবে বাংলাদেশে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি তিন হাজার ২০০ পাউন্ড (প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) দেখিয়েছেন। সব মিলিয়ে তার বার্ষিক মোট আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।
এ ছাড়া তার অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার নামে কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

