Tuesday, November 10

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’

বৃহস্পতিবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় তিনি তার মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।

তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একত্রিত হয়ে যেভাবে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেছে, তা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না; তিনি অনেক দিক থেকেই সমগ্র জাতির মা ছিলেন।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লেখেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন, যা তাকে গভীরভাবে আপ্লুত করেছে। একই সঙ্গে যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

শোকের এই মুহূর্তে তিনি স্মরণ করেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে। তারেক রহমান বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার মনে হচ্ছে—নিকটজন হারানোর বেদনা অতিক্রম করে পুরো বাংলাদেশই আজ তার পরিবার।

পোস্টের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, তার মা সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখানে তিনি সেই পথযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন—সেসব মানুষের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস বেগম খালেদা জিয়াকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রেরণা যুগিয়েছে।

শেষে তিনি দোয়া করেন, আল্লাহ যেন তার মায়ের রূহের মাগফিরাত দান করেন এবং তিনি যে ত্যাগ, ভালোবাসা ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই যেন দেশ শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।

Leave A Reply


Math Captcha
26 + = 28