বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাস্থল রাজধানীর মানিক মিয়া এভিনিউ ইতোমধ্যেই নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সেখানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের ঢল নেমেছে। মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জানাজার পর সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। দাফন উপলক্ষে সমাধি সৌধ এলাকায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সকাল ৯টার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। গুলশানের ফিরোজা ভবনের পাশেই এ শ্রদ্ধা নিবেদন চলছে—যেখানে তিনি দীর্ঘদিন বসবাস করতেন।
গুলশানে তারেক রহমানের বাসভবন ও ফিরোজা ভবনের আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। শোকে স্তব্ধ বাংলাদেশ।

