বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“সংকটে, শোকে মাথার ওপর যেমন মায়ের একটা ছায়া থাকে, জাতি যেন আজ সেই ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম।”
রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে কিংবা বাসায় অসুস্থ ছিলেন। তবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত নেতাকর্মীদের মনে সব সময়ই এক ধরনের সাহস ও প্রেরণা কাজ করত।
তিনি বলেন,
“আমাদের মনে হতো—মা তো আছেন, তিনি সবকিছু দেখবেন। সেই বিশ্বাস থেকেই আমরা শক্তি পেতাম। যার নেতৃত্বের ছায়ায় একটি দীর্ঘ জীবন বেড়ে উঠেছে, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন—এই শোক ও সংকট কাটিয়ে ওঠা খুবই মুশকিল।”
তিনি আরও বলেন,
“এত নিপীড়ন সহ্য করে, চোখের সামনে সন্তানের লাশ দেখেও শুধুমাত্র দেশ, মানুষ ও গণতন্ত্রের জন্য তিনি টিকে ছিলেন। অথচ কখনো তাঁর চোখে-মুখে হতাশার ছাপ আমরা দেখিনি।”
রিজভী বলেন,
“আজ তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ ও বিশ্ব এই মজলুম নেত্রীর জন্য গভীর শোক জানাচ্ছে।”
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

