Tuesday, November 10

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Leave A Reply


Math Captcha
5 + 4 =