ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ চাঁদপুর ও দেশের অন্যান্য নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতেই নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যেসব লঞ্চ ও নৌযান ইতোমধ্যে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে, সেগুলোকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ অনুযায়ী সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

