ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। এ ঘটনার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে দেশে নেই; তিনি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে তার দুই সহযোগী—পুত্তি ও স্বামী—কে ভারতের মেঘালয় থেকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে এবং ৭ জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
তদন্তে পুলিশ দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য (মোটিভ) এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে এস এন মো. নজরুল ইসলাম বলেন, মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় মোটিভ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে ফয়সালের দুই সহযোগীকে আটক করা হয়েছে। মূল সন্দেহভাজন ফয়সাল করিমকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হত্যাকাণ্ডের বিবরণ
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খান এবং তার অজ্ঞাত সহযোগীরা চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মামলা ও আইনগত অগ্রগতি
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়। এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

