ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।
শনিবার রাশেদ খান ঝিনাইদহ সদর উপজেলা থেকে কালীগঞ্জ উপজেলায় ভোটার স্থানান্তরের আবেদন করেন। একই দিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল কাউকেই দলীয় মনোনয়ন দেয়নি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। স্থানীয় নেতাকর্মীদের দাবিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা, যা দলীয় রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ সংসদীয় আসনটি কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন এবং হিজরা ভোটার রয়েছেন ৫ জন।

