Tuesday, November 10

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির এক যুগ্ম সদস্য সচিব।

পদত্যাগের পর দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন,
“প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।”

এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, তিনি খিলগাঁওয়েই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন এবং এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থেকেই রাজনীতিতে যুক্ত হন। বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরিস্থিতি যাই হোক না কেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য নিজের অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না বলেও জানান তিনি।

পোস্টে তাসনিম জারা বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কাছে থাকবে না কোনো স্থানীয় দলীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনিক সহায়তার সুযোগ। এ অবস্থায় তার একমাত্র ভরসা এলাকাবাসী।

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছার প্রতি আস্থা রেখে যদি তারা সমর্থন দেন, তবেই তিনি জনগণের সেবা করার সুযোগ পাবেন।

এছাড়া তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন।
প্রথমত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইন অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করতে হবে, যা আগামীকাল থেকেই শুরু হবে। এ কাজে স্বেচ্ছাসেবক ও স্থান সহায়তা দিতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

দ্বিতীয়ত, এর আগে যারা তার নির্বাচনী ফান্ডে অনুদান দিয়েছেন, সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কেউ চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন বলে জানান তিনি। বিকাশে দেওয়া অর্থ ফেরতের জন্য একটি অনলাইন ফর্ম পূরণের অনুরোধও করেন তিনি।

তাসনিম জারার এই পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

Leave A Reply


Math Captcha
87 + = 88