Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে রাতভর অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে পৌঁছালে তারা অবস্থান নেন এবং মোড়টি অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এতে নগরীর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের লাগাতার আহ্বানে সন্ধ্যার পর থেকে শাহবাগে ছাত্র-জনতার উপস্থিতি আরও বাড়তে থাকে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন,
“খুনিদের গ্রেপ্তার করতে আমরা সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার শহীদ ওসমান হাদির নিরাপত্তা দিতে পারেনি। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার দায় এড়াতে পারবে না।”

তিনি আরও বলেন,
“পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। আমরা জনগণ রাজপথে নেমেছি শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। রাতভর অবস্থান চলবে।”

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
+ 8 = 17