আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর আজই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নিরাপত্তা বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সঙ্গে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান শেষে গতকাল এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

