অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন,
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন ও রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’
তিনি আরও লেখেন,
‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে—বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
তার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার কারণে কেউ বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারেননি। সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের প্রধান সড়ক ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সড়কে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।
এ ছাড়া বিমানবন্দর এলাকার বিভিন্ন ভিউপয়েন্ট ও আশপাশের ভবনের ছাদে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

