Tuesday, November 10

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় এক শিশুসহ মোট দুইজনের মৃত্যু হলো।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭)। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। আগুনে গুরুতর দগ্ধ হয়ে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে টানা পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বেলাল হোসেনের অভিযোগ, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় তার বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। ওই ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

আগুনে বেলাল হোসেন নিজেও দগ্ধ হন। এ ছাড়া তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণিপড়ুয়া মেঝো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪) আহত হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিথির শরীরের প্রায় ৫ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে—এর মধ্যে দুটি বন্ধ এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে।

ঘটনার পর পোড়াবাড়ি পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসসহ বিএনপি-জামায়াতের নেতারা। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখেন।

Leave A Reply


Math Captcha
+ 58 = 59