Tuesday, November 10

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে তিনি অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দরের রেড জোনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সেখান থেকে তিনি রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

গণসংবর্ধনা শেষে তারেক রহমান মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

এদিকে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে। তীব্র শীত উপেক্ষা করে রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সমাবেশস্থলে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে, বাস-ট্রাক ও মোটরসাইকেলে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট সড়ক ও বিমানবন্দরমুখী হচ্ছেন। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

Leave A Reply


Math Captcha
51 + = 61