Tuesday, November 10

দীর্ঘ দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে লন্ডনের বাসা ত্যাগ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান।

তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাজধানীর পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার আয়োজন করছে বিএনপি। দলটির নেতাদের দাবি, এই সংবর্ধনায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস (কুড়িল সংলগ্ন) এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে যে গণউদ্দীপনা সৃষ্টি হয়েছে, তাতে উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক আয়োজনকে ছাড়িয়ে যাবে এই সংবর্ধনা। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ব্যাপক হবে বলে আশা করা হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় ধরে সেখানেই অবস্থান করছিলেন তিনি। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে ফিরলেও তারেক রহমান দেশে আসতে পারেননি।

Leave A Reply


Math Captcha
− 1 = 1