Tuesday, November 10

দীর্ঘ দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়।

মাহদী আমিন জানান, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। অবতরণের পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

প্রত্যাবর্তনের দিন তারেক রহমানের প্রধান ও প্রথম কর্মসূচি হলো—এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া। তবে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে যাত্রাপথের মাঝামাঝি রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় তিনি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন। এরপর তিনি সরাসরি হাসপাতালে গিয়ে মায়ের পাশে অবস্থান করবেন এবং সেখান থেকে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন।

মাহদী আমিন জানান, জনদুর্ভোগ কমাতে ইচ্ছাকৃতভাবেই রাজধানীর কেন্দ্রীয় ও ঐতিহাসিক স্থানগুলো—যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউ—কর্মসূচির বাইরে রাখা হয়েছে। পরিবর্তে রাজধানীর এক পাশে অবস্থিত ৩০০ ফুট প্রশস্ত ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’-এর একটি সার্ভিস লেনকে স্বল্প সময়ের গণ-অভ্যর্থনাস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি স্পষ্ট করেন, এটি কোনো জনসভা বা সংবর্ধনা নয়। বরং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রীসহ দেশের সকল মানুষের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধ জানানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এতে তারেক রহমানই একমাত্র বক্তা থাকবেন।

জনভোগান্তি এড়াতে ঢাকাজুড়ে ২০টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে জানান মাহদী আমিন। এসব ক্যাম্পে সার্বক্ষণিক চিকিৎসক, প্যারামেডিক, প্রয়োজনীয় ওষুধ ও অ্যাম্বুলেন্স থাকবে। পাশাপাশি বক্তব্যস্থলের নিকটে ছয় শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল ও আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

যানজট ও জরুরি যান চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীর প্রবেশমুখগুলোতে আলাদা বাস পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরগামী ও বিদেশফেরত যাত্রী, রোগী পরিবহন ও অ্যাম্বুলেন্স চলাচল সহজ করতে কাকলী মোড়, বিমানবন্দর এলাকা ও আব্দুল্লাহপুরে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। সেখান থেকে মোটরবাইক এসকর্টের মাধ্যমে জরুরি যান চলাচল নিশ্চিত করার চেষ্টা থাকবে।

২৫ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার কারণ হিসেবে মাহদী আমিন জানান, জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সরকারি ছুটির দিনকেই প্রত্যাবর্তনের জন্য নির্বাচন করা হয়েছে। এ দিনের পরপরই আরও দুই দিন সরকারি ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি যানবাহন ও নাগরিক চাপ কমাতে সহায়ক হবে।

এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না করে শান্তিপূর্ণ আচরণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। রাজধানীমুখী জনস্রোত বিবেচনায় বেশিরভাগ নেতাকর্মীকে কাঞ্চন ব্রিজ ও ঢাকার প্রবেশপথগুলো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে অনেকেই চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ঐক্য এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন। ফলে এটি শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি জনগণের প্রত্যাশার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 4