Tuesday, November 10

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকার জুলফিকার আলী সৌরভ, ময়মনসিংহের মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের ক্বারী মুয়াজবীন আ. রহমান এবং চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ।

এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। তারা কর্মীদের ওপর শারীরিক হামলা চালানোর পাশাপাশি ভবনের একাধিক তলায় অগ্নিসংযোগ করে। এ সময় নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করা হয় এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ভাঙচুর করা হয়।

হামলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস ও ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভবনের ভেতর থেকে ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়।

ঘটনার পর গত ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 6 = 4