Tuesday, November 10

৩০০ ফিটে গণসংবর্ধনা, বুলেটপ্রুফ গাড়ি ও নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুত

আর মাত্র এক দিন বাকি। আগামী বৃহস্পতিবার দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হচ্ছে বিশাল গণসংবর্ধনা। নির্মাণ করা হচ্ছে বড় মঞ্চ, প্রস্তুত রাখা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

দলের শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ওই দিন লাখ লাখ মানুষের সমাগম ঘটবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নিয়ে পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপর গুলশানের বাসায় ফিরবেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত পুরো যাত্রাপথে দল ও সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের নিরাপত্তায় ইতোমধ্যে দুটি বুলেটপ্রুফ গাড়ি ঢাকায় পৌঁছেছে। তাঁর জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) পরিধি বাড়ানো হয়েছে। পাশাপাশি দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়ে একটি বিশেষ নিরাপত্তা টিমও গঠন করা হয়েছে।

বুলেটপ্রুফ গাড়ি ও অস্ত্রের অনুমোদন

তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির কেনা একটি বুলেটপ্রুফ বাস রোববার চট্টগ্রাম বন্দরে খালাস হয়ে সোমবার ঢাকায় পৌঁছায়। এর আগে বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি হার্ড জিপ—টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটিও দেশে এসেছে। গাড়িটি ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য একাধিক আগ্নেয়াস্ত্রের অনুমোদনও দিয়েছে সরকার।

৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা

বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে পৌঁছাবেন তারেক রহমান। এই উপলক্ষে ৩০০ ফিট সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে ৪৮ বাই ৩৬ ফিটের বিশাল মঞ্চ। রোববার দুপুর থেকে শুরু হওয়া মঞ্চ নির্মাণের কাজ বুধবারের মধ্যেই শেষ হবে বলে জানানো হয়েছে।

সমাবেশ ঘিরে এলাকাজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সোমবার বিকেলে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি পুরোপুরি প্রস্তুত। তাঁর আগমন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অসহযোগিতা নেই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠান।

সংবর্ধনার অনুমতি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ-সংক্রান্ত অনুমতিপত্র বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পাঠানো হয়েছে।

১০ রুটে স্পেশাল ট্রেন

নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এ কারণে বৃহস্পতিবার রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রোহনপুর কমিউটার ট্রেনের যাত্রা স্থগিত থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

চাহিদার ভিত্তিতে কক্সবাজার, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়, জামালপুর, টাঙ্গাইল, নরসিংদী, চাটমোহরসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। এসব ট্রেন ও অতিরিক্ত কোচে যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 2 = 9