Tuesday, November 10

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত আব্দুল হালিম কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের বাসিন্দা। বৈঠকে পৌর ও উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রোকন বৈঠক ডাকা হয়। বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরে আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, নিজ বাড়িতে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন আব্দুল হালিম। একসময় তিনি নিজেকে ওলামা লীগ নেতা হিসেবে দাবি করতেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি সক্রিয়ভাবে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম বলেন, “আমার বাসায় ছয়টি ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হয়। তার মধ্যে একটিতে মা-মেয়ে পরিচয়ে চারজন নারী দুই মাস আগে বাসা নেয়। তারা কী কাজ করে, তা আমার জানার বিষয় নয়। আমাকে কিছু না জানিয়েই দল থেকে বহিষ্কার করা হয়েছে, যা অন্যায়।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিশেষ রুকন বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে অবশ্যই সাংগঠনিক নিয়ম-কানুন মেনে চলতে হবে।”

Leave A Reply


Math Captcha
+ 66 = 75