দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। হামলার পরিপ্রেক্ষিতে দুই পত্রিকার সম্পাদকের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তালিকা তৈরি করেছে। “ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের শনাক্ত করেছে। তাদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী গানম্যান দেওয়া হয়েছে। কেউ কেউ অবশ্য গানম্যান নিতে আগ্রহ প্রকাশ করেননি,” বলেন উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য ঝুঁকিতে থাকা প্রায় ৫০ জনের তালিকার কথা উল্লেখ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ পর্যন্ত প্রায় ২০ জন ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও নিন্দা সৃষ্টি হয়।

