Tuesday, November 10

গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়া হবে কি না—সে সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করবে তার বর্তমান শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের উপর।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সাথে নিয়মিত আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসার সার্বিক তদারকি করছেন ডা. জোবায়দা রহমান। চিকিৎসা বিষয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, তিনি (খালেদা জিয়া) সেগুলো গ্রহণ করতে পারছেন বলে জানান তিনি।

হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।

এর আগে শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো নয়। তবে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পূর্ণভাবে রাখা হয়েছে। তিনি বলেন, “ফ্লাই করার মতো অবস্থায় নেই। তবে বিদেশে নেয়ার প্রয়োজন হলে যেকোনো সময় নেয়ার প্রস্তুতি আছে।”

মহাসচিব আরও জানান, শুক্রবার মেডিকেল বোর্ডের বৈঠকে চিকিৎসাবিষয়ক সিদ্ধান্ত এবং বিদেশে নেয়া লাগতে পারে কি না—তা নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে জানান, খালেদা জিয়ার কিছুটা উন্নতি হলে তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য অত্যাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন।

Leave A Reply


Math Captcha
86 − 78 =