Tuesday, November 10

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ দুপুরে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দেওয়া এক বার্তায় জানা যায়, রাষ্ট্রপতি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, তিনি নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।” তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর দোয়া প্রার্থনা করেন। তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির দুই মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন এবং দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরে ২০২০ সালের ২৫ মার্চ করোনা পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তাঁর দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, যা পরবর্তীতে পর্যায়ক্রমে বাড়ানো হয়। তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া সম্পূর্ণভাবে মুক্ত হন। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন।

দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

Leave A Reply


Math Captcha
35 − = 28