Tuesday, November 10

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া (অর্ধেক ভাড়া) নিয়ে দ্বন্দ্বের জেরে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যার পর শুরু হওয়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পরিস্থিতি উত্তপ্ত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০টির বেশি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাফ ভাড়া চাইলে প্রায়ই পরিবহন শ্রমিকদের বাধা, অপমান ও হয়রানির শিকার হতে হয়। এর আগেও রূপাতলী বাস টার্মিনালে একই ধরনের ঘটনা ঘটেছে।

জানা যায়, এক শিক্ষার্থী বাস থেকে নেমে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার সূত্রপাত হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের দাবি, সহপাঠীর সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে গেলে পরিবহন শ্রমিকদের হামলায় ১৫–২০ জন শিক্ষার্থী আহত হন। অন্যদিকে পরিবহন শ্রমিকদের অভিযোগ, উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের হামলায় ১০–১৫ জন শ্রমিক আহত হয়েছেন।

বিএম কলেজের শিক্ষার্থী রাজু বলেন, “সহপাঠীর সঙ্গে খারাপ আচরণের খবর পেয়ে টার্মিনালে গেলে পরিবহনের লোকজন আমাদের ওপর চড়াও হয়।”

নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধ থাকা সত্ত্বেও হাফ ভাড়া দিতে চাওয়া বরিশাল–মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে শ্রমিকের বিরোধ বাধে। এরপর সন্ধ্যায় কয়েক শ শিক্ষার্থী এসে অর্ধশতাধিক বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দেয়। তারা টার্মিনাল ভবনের ভেতরেও ব্যাপক ভাঙচুর চালায়।

রাত পৌনে ৯টার দিকে বিএম কলেজের শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। একই সময়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম জানান, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Leave A Reply


Math Captcha
27 − = 26