জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে নুসরাত নিজেই বিষয়টি নিশ্চিত করেন এবং কুষ্টিয়া-১ আসন থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।”
নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, “আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা-ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি দেশ ও জনপদের জন্য কী করতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই।”
শেষে দোয়া প্রার্থনা করে নুসরাত লিখেছেন, “আমরা যারা স্বপ্ন নিয়ে এসেছিলাম, যারা রাস্তায় রাস্তায় সংগ্রাম করে টিকে গেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি—সেই সকল সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।”

