বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিম জানিয়েছেন, চলতি নভেম্বরেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বিচারপতি আব্দুল হাকিম বলেন, এই আইন পাস হলে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে নির্দিষ্ট সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন। আইনটি প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আশা করা হচ্ছে এ মাসেই এটি বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও কয়েকটি গণমাধ্যমসংক্রান্ত প্রস্তাবিত আইন প্রক্রিয়াধীন আছে, যেগুলোর বাস্তবায়নও শিগগিরই হবে।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান সাংবাদিকতার স্বাধীনতা ও দায়বদ্ধতা পরস্পরের পরিপূরক হিসেবে উল্লেখ করে বলেন, অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নিজেদের ভূমিকা জোরদার করতে হবে। কর্মশালায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা।

